গণমাধ্যমের সঙ্গে গতকাল আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানান। এরই মধ্যে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল বিকাল থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।
এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়বেন। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিন বছর চার মাস পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে উঠবেন তিনি। বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে ক’দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে সরিয়ে নেয়া হচ্ছিল। গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি শুক্রবার পদত্যাগ করেন। পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধানের এ অনুচ্ছেদ অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।