স্বাভাবিক হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এছাড়াও ভারতের মেহেদীপুর বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এছাড়াও ভারতের মেহেদীপুর বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে বন্দরে আমদানি-রফতানির কার্যক্রম শুরু হয়। এদিন প্রায় ৭৫টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রভাব সারা দেশের মতো সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিতেও পড়েছে। তবে গতকাল ৭৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। আজ বৃহস্পতিবারও (৮ আগস্ট) বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলেও জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, স্থলবন্দরের পরিস্থিতি স্বাভাবিক। ভারত থেকে পণ্যবাহী ট্রাক পাঠালে আমরা নিতে প্রস্তত। গতকালও ৬০টি পেঁয়াজবাহী ট্রাক ও ১৫টি অন্যান্য পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছিল। আজকেও পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে বলে আশা করছি।

সোনামসজিদ স্থল শুল্ক বন্দর, সি. এন্ড এফ. এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এখন কেটে গেছে এবং স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও