গাজীপুর সদরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরের এ দুর্ঘটনায় আহতদের সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
দগ্ধরা হলেন মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), সোহাদ (৪) ও সায়ান (৫)। তাদের মধ্যে মা সেলিনা আক্তারের (২৫) শরীরের ৪০ শতাংশ ও বড় ছেলে সায়ানের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এছাড়া বাবা মলসিন প্রধান ও ছোট ছেলে সোয়াদ পর্যবেক্ষণে রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগে এবং একপর্যায়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের (২৫) শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিনের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।