কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা গতকাল সন্ধ্যায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবির একটি গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং একজন বিজিবি সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন শেষে প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা ভৈরব শহরে ফিরছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকা বিজিবির গাড়িবহরে উত্তেজিত জনতা হামলা চালায়। এ ঘটনায় বিজিবির চারটি গাড়ির মধ্যে একটি গাড়ির কাচ ভেঙে যায়। ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফেরার সময় আমার নেতৃত্বে থাকা বিজিবির গাড়িতে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে তারা ক্ষুব্ধ হন। হামলায় একটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।’