রংপুরে ২০০ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার: গ্রেফতার ৩

রংপুরে ২০০ বছরের পুরনো একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রংপুরে ২০০ বছরের পুরনো একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপটি উদ্ধার ও তাদের আটক করা হয়। 

এ ঘটনায় গতকাল মামলা হলে আটক ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার হওয়া টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ১৮১৮। 

মামলার বাদী ঢাকার মিরপুরের বাসিন্দা মিজানুর রহমান। মামলার আসামিরা হলেন পাবনার আবদুর রাজ্জাক (৫৬) এবং পঞ্চগড়ের জাহিদুল ইসলাম (৪৮) ও শাহ আলম (৪৫)। 

পুলিশ জানায়, কয়েকজন প্রতারক পুরনো টেলিস্কোপটি বিক্রির জন্য গোল্ডেন টাওয়ার হোটেলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে টেলিস্কোপসহ ছয়জনকে আটক করে।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ধরনের টেলিস্কোপ বিভিন্ন বিদেশী জাহাজে শোপিস হিসেবে দেখা যায়। সম্ভবত সেটি চুরি করে এনে মূল্যবান ধাতব বস্তু হিসেবে বিক্রির প্রক্রিয়া চলছিল। আটক ছয়জনের মধ্যে তিনজন এ প্রতারণার ফাঁদে পড়েছিলেন। পরে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। ভুক্তভোগী তিনজনের মধ্যে মিজানুর রহমান বাদী হয়ে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও