ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে এক মালির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মালির নাম ছিয়াকুল (৩৯)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজন রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন। সকালে হলের গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়তে যান। এক পর্যায়ে একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মেঝেতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারা যান তিনি।

ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

আরও