বাংলাদেশ ও ইরাকের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শের কাঠামো প্রতিষ্ঠায় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারক দুটিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সমঝোতা স্মারক দুটির আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি এবং দুদেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার কথা রয়েছে।
অনুষ্ঠানে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এ সমঝোতাগুলো দ্বিপক্ষীয় যোগাযোগে নতুন গতি সঞ্চার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।
অনুষ্ঠানে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।