ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দেয়া রায় মেনে নেবে বলে জানিয়েছেন সংগঠনটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এ কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কোনো ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র না হলে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতে ইসলামী তাদের বিজয় নিয়ে আশাবাদী। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের উৎসবে অংশ নিচ্ছেন এবং এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তাদের দল সন্তুষ্ট।
নায়েবে আমির বলেন, দু-একটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে সেগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, জনগণের দেয়া রায়ই চূড়ান্ত। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ফল আসবে, তা জামায়াতে ইসলামী মেনে নেবে। তবে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র হলে দেশ গভীর সংকটের দিকে যেতে পারে বলেও তিনি মনে করেন।