আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই লরিতে আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার ওই পোশাক কারখানার সামনের সড়কে থাকা লরিটিতে আগুন লাগে। খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশন ও ডিইপিজেড ফায়ার স্টেশনের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপরই আমরা বের হয়ে যাই। শুরুতে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছিলাম বয়লার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখি সিলিন্ডারবোঝাই লরিতে আগুন লেগেছে।

তিনি জানান, লরিটি কারখানা থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও