জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরির ঘটনায় একজন শনাক্ত

ঘটনার পর ক্রিল নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। রাতে তিনি একটি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ঘটনাটি রেলওয়ে এলাকার হওয়ায় ক্রিলকে রাজশাহী জিআরপিতে পাঠানো হয়েছে।

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ, ক্যামেরাসহ ব্যাগ চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করেছে পুলিশ। এগুলো উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথভাবে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, মালপত্র উদ্ধারে রেল পুলিশ (জিআরপি), এসআরবি ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। বর্তমানে ভুক্তভোগী ওই জার্মান পর্যটক রাজশাহীতে জিআরপি পুলিশের হেফাজতে রয়েছেন।

নাটোর রেলওয়ে নিরাপত্তাকর্মী সেলিম হোসেন জানান, গত বুধবার বেলা ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় ভেস্ট পরা এক যুবক তার সঙ্গে ছিলেন। পরে ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে তিনি আর দেখতে পাননি।

ঘটনার পর ক্রিল নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। রাতে তিনি একটি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ঘটনাটি রেলওয়ে এলাকার হওয়ায় ক্রিলকে রাজশাহী জিআরপিতে পাঠানো হয়েছে। তবে নাটোর পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।’ রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেন থেকে নামার সময় ওই যুবক ক্রিলের সঙ্গে ছিলেন। পরে বিকাল ৪টার দিকে ক্রিলের ব্যাগ নিয়ে ভেস্ট খুলে একতা এক্সপ্রেস ট্রেনে করে স্টেশন ত্যাগ করেন ওই যুবক। এ সময় তার কাঁধে ব্যাগটি দেখতে পাওয়া যায়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মালপত্র উদ্ধারে নাটোর ও রাজশাহীর পুলিশ ও জিআরপি কাজ করছে। দ্রুতই মালপত্র উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’

আরও