ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক শরীফ উদ্দিন কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কপি মুঠোফোনে ছবি তুলে সেগুলো ছাপিয়ে মামলার বাদী ও বিবাদীদের বাড়িতে যেতেন। সেখানে নিজেকে পিবিআই সদস্য পরিচয় দিয়ে মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল বিকালে শ্যামবাড়ী গ্রামের একটি মামলার কপি নিয়ে সেখানে যান শরীফ উদ্দিন। তখন তার পরনে পুলিশের নেভি ব্লু রঙের প্যান্ট ও বুট জুতা ছিল। একটি দোকানের সামনে গিয়ে এক ব্যক্তির ঠিকানা খোঁজার সময় স্থানীয় আইনজীবী নয়ন নাজিরসহ কয়েকজনের সন্দেহ হয়।
স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পিবিআই সদস্য বলে দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহ আরো বাড়ে। পরে তিনি নিজেকে আদালতের একজন আইনজীবীর মুহুরি বলে দাবি করেন। এ সময় কম্পিউটারে তৈরি একটি কথিত মুহুরি পরিচয়পত্রও দেখান।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফ উদ্দিন বিভিন্ন মামলার কপি সংগ্রহ করে বাদী-বিবাদীদের মামলা জিতিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।
পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।