প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটির কল্যাণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত শনিবার রাত ৮টার সময় বগুড়ার মহাস্থান বন্দরে হাতিটিকে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে ‘বাদশা বাহাদুর’ নামের হাতিটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে উদ্ধার করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। পরে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণীটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান ও হস্তান্তর করেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সেখানে বাদশা বাহাদুর সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় এ হাতিকে দিয়ে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে অসুস্থ হয়ে পড়লে হাতিটিকে চিড়িয়াখানায় নেয়া হয়।