সম্প্রতি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী বিক্রি কেন্দ্র করে দোকানে তালা ও দুজন কর্মীকে আটকের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রকাশনা সংস্থা 'আদর্শ'। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এমনটা জানিয়েছে।
আদর্শ জানায়, ২০২৩ সালের একুশে বইমেলায় আদর্শ থেকে প্রকাশিত তিনটি বইকে কেন্দ্র করে আমাদের স্টল বরাদ্দ দেয়া হয়নি। আমরা তখন মতপ্রকাশের স্বাধীনতা (বৃহত্তর অর্থে) এবং লেখক, প্রকাশক ও পাঠকের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। আজও আমাদের সেই নীতিগত অবস্থান বদলায়নি। কোনো বইয়ের বক্তব্যের সঙ্গে একমত হওয়া বা না হওয়া এক বিষয়; কিন্তু আইনত নিষিদ্ধ নয়—এমন কোনো বই প্রকাশ, বিক্রি বা পাঠে ব্যক্তি, গোষ্ঠী কিংবা অনানুষ্ঠানিক চাপের মাধ্যমে বাধা দেয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।
আদর্শ জানিয়েছে, সম্প্রতি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে দোকানে তালা মারা ও দুজন কর্মীকে আটকের যে ঘটনা ঘটেছে, তা আমাদের উদ্বিগ্ন ও মর্মাহত করেছে।
কোনো বই নিয়ে আইনগত আপত্তি থাকলে তার নিষ্পত্তি হওয়া উচিত প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে—ভয়ভীতি, চাপ বা বই বিক্রি বন্ধ করার অনানুষ্ঠানিক শর্তের মতো অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে নয়।
আরো উদ্বেগের হলো, পুলিশ জানিয়েছে—বইটি আর বিক্রি না করার শর্তে ওই দুই কর্মীকে ছেড়ে দেয়া হয়েছে। এই ঘটনা এমন একটি বার্তা দেয় যে, যথাযথ আইনি প্রক্রিয়ার বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাপ সৃষ্টি করে কোনো বই বিক্রি হবে বা হবে না—সেটি নির্ধারণ করতে পারে।
এমন কর্মকাণ্ডের পরিণতি আরো বিস্তৃত উল্লেখ করে আদর্শ জানিয়েছে, আজ একটি বই বন্ধ হলে আগামীকাল ভিন্ন মতাদর্শের আরেকটি বইও একইভাবে আক্রান্ত হতে পারে। তখন প্রকাশকরা আইন দেখে নয়, সম্ভাব্য প্রতিক্রিয়া ও চাপের আশঙ্কা বিবেচনা করে বই প্রকাশের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। বিগত সরকারের আমলে যা হয়েছিল। একটি জ্ঞানভিত্তিক সমাজের জন্য এরকম দৃষ্টান্ত অত্যন্ত বিপজ্জনক।
সংস্থাটি মনে করে, কোনো বই নিয়ে আইনগত আপত্তি থাকলে তার নিষ্পত্তি হওয়া উচিত প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে—ভয়ভীতি, চাপ কিংবা বই বিক্রি বন্ধ করার অনানুষ্ঠানিক শর্তের মাধ্যমে নয়। কোনো বইয়ের রাজনৈতিক বা ঐতিহাসিক মূল্য নির্ধারণ করা আমাদের বিষয় নয়। আইনসঙ্গতভাবে বই প্রকাশ, বিপণন ও পাঠের অধিকার রক্ষা করা আমাদের পেশাগত এবং নীতিগত স্বার্থের বিষয়।
বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আদর্শ জানিয়েছে, ২০২৩ সালে আদর্শের ক্ষেত্রেও ইউপিএল প্রকাশনা পেশাগত স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল। আজ আমরা ইউপিএলের পাশে দাঁড়াচ্ছি কোনো নির্দিষ্ট বই, লেখক বা রাজনৈতিক অবস্থানের কারণে নয়—একই নীতির কারণে। বই, লেখক, প্রকাশক, সরকার কিংবা সময় বদলাতে পারে; প্রকাশনার স্বাধীনতা ও আইনের শাসনের প্রশ্নে নীতি বদলানো উচিত নয়।
অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে দোকানে তালা মারা ও দুজন কর্মীকে আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট বেআইনি কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে প্রকাশনা সংস্থা 'আদর্শ'। একই সঙ্গে আইনত নিষিদ্ধ নয় এমন বই প্রকাশ, বিপণন ও পাঠের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রকাশক, বই বিক্রেতা ও কর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।