জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে চলমান রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। গতকাল (সোমবার, ২৮ জুলাই) স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (রাজনৈতিক উইং)-এর পক্ষে জারি করা একটি নির্দেশনায় বলা হয়, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচির সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিবেচনায় নেয়া হয়েছে।
নির্দেশনায় আশঙ্কা প্রকাশ করা হয়, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি, কর্মসূচিতে বাধা প্রদানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে।
এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের প্রতি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
১. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা।
২. নিয়মিত সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন (মোটরসাইকেল, মাইক্রোবাসসহ অন্যান্য) তল্লাশি।
৩. বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে বিশেষ নিরাপত্তা।
৪. গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান।
৫. মোবাইল পেট্রোল জোরদার।
৬. গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি।
এছাড়া, কোনো অনভিপ্রেত ঘটনার আশঙ্কা থাকলে তাৎক্ষণিকভাবে স্পেশাল ব্রাঞ্চকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।