চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় লাইনে ছিটকে পড়ে একটি বালুবাহী পিকআপ। চট্টগ্রামমুখী রেললাইনের ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ সকাল ৯ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল চিনকির আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম।
তিনি বলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় এলাকায় ৬৬/২৩ পয়েন্টে অবৈধভাবে রেললাইন পার হচ্ছিল বালু বোঝাই একটি পিকআপ। এসময় ট্রাকটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। এতে মালবাহী পিকআপটি চট্টগ্রামমুখী রেল লাইনের ওপর ছিটকে পড়ে।
সিরাজুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যথা নিয়মে চলে যায়। এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার আগেই চালক লাফিয়ে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।