এ মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম শিল্পীদের একজন ভ্যান গঘ। তার চিত্রকর্ম নিয়ে আলোচনা হয় প্রচুর। সেসব চিত্রকর্মের কপি যেমন বিক্রি হয়, তেমনি ব্যবহার হয় নানা মাধ্যমে। একেবারে অজ্ঞ না হলে সবাই তাকে চেনে। এমনকি শিল্পীর নাম না জানলেও ‘স্টারি নাইট’ সবার পরিচিত। মোবাইলের কভার থেকে পোশাক, কানের দুল, ব্যাকপ্যাক সবখানেই আছে। এ ভ্যান গঘই তার জীবদ্দশায় নিজের ছবি বিক্রি করতে পারছিলেন না। মৃত্যুর অনেক পর তাকে নিয়ে চর্চা শুরু হয়। তার ছবি কোটি ডলারে বিক্রি হতে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে অর্চার্ড উইথ সাইপ্রেসেস।
উডেন কেবিনস আমঙ দি অলিভ ট্রিজ অ্যান্ড সাইপ্রেসেস (১৮৮৯)
ফ্রান্সের দক্ষিণে ছিলেন ভ্যান গঘ। সে অনুপ্রেরণা থেকে ১৮৮৯ সালের ডিসেম্বরে আঁকেন একটি ছবি। এখন সেটি ‘উডেন কেবিনস আমঙ দি অলিভ ট্রিজ অ্যান্ড সাইপ্রেসেস’ নামে পরিচিত। ছবিতে ছোট ছোট কাঠের ঘর দেখা যায়। পোস্ট ইমপ্রেশনিজম ঘরানার ছবিটি ২০২১ সালে ৭ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়। একজন তার নিজের সংগ্রহের জন্য ছবিটি কেনেন। বিক্রি করেছিল নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’জ।
সেলফ পোর্ট্রেট উইদাউট আ বেয়ার্ড (১৮৮৯)
ভ্যান গঘ বেশকিছু সেলফ পোর্ট্রেট এঁকেছিলেন। এটি তার মধ্যে অন্যতম। ১৮৮৯ সালে আঁকা ছবিটিতে ভ্যান গঘকে দাঁড়ি ছাড়া দেখা যায়। পরিচিত ব্রাশ স্ট্রোক ও রঙের ব্যবহার দেখেই ছবিটিকে ভ্যান গঘের আঁকা বলে শনাক্ত করা সম্ভব। ছবিটি ক্রিস্টি’জ ১৯৯৮ সালে নিলামে তোলে। সেখানে ৭ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়। এখনকার হিসাবে ছবিটির মূল্য দাঁড়াত ১৫ কোটি ডলার।
লেবার ইন দ্য ফিল্ড (১৮৮৯)
গঘের এ ছবিও ১৮৮৯ সালে আঁকা। তবে এটি এঁকেছিলেন সেপ্টেম্বরে। ছবিটিতে একজন কৃষক ও তার ঘোড়াকে দেখা যায়। তপ্ত সূর্যের নিচে মাঠে চাষ করছিলেন কৃষক। জানা যায় ছবিটি তিনি অ্যাসাইলামে বসে এঁকেছিলেন। অ্যাসাইলামে তার ঘরের জানালা দিয়ে যে মাঠের দৃশ্য দেখা যেত, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন গঘ। এ ছবিও ক্রিস্টি’জ বিক্রি করেছিল নিলামে। ২০১৭ সালে ছবিটি ৮ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়।
পোর্ট্রেট অব ড. পল গ্যাচে (১৮৯০)
সেলফ পোর্ট্রেটের পাশাপাশি ভ্যান গঘ তার সঙ্গী ও পরিচিতদের পোর্ট্রেট এঁকেছিলেন। এসব ছবির মধ্যে ফ্রেঞ্চ হোমিওপ্যাথ ডাক্তার পল গ্যাচের পোর্ট্রেট অন্যতম। ছবিটি তিনি ১৮৯০ সালে এঁকেছিলেন। ১০০ বছর পর ১৯৯০ সালে ছবিটি ৮ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করে ক্রিস্টি’জ। ছবিটি কিনে নেন জাপানি ব্যবসায়ী রোয়েই সাইতো। তিনি বলেছিলেন তার মরদেহের সঙ্গে ছবিটিও পুড়িয়ে ফেলা হবে। বাস্তবে সে রকম কোনো ঘটনা ঘটেনি। সাইতোর মৃত্যুর পর ছবিটি একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
অর্চার্ড উইদ সাইপ্রেসেস (১৮৮৮)
সবচেয়ে বেশি দাম পাওয়া ছবিটি ১৮৮৮ সালে এঁকেছিলেন ভ্যান গঘ। আর্লে যাওয়ার পর পরই তিনি ছবিটি এঁকেছিলেন। ২০২২ সালে ক্রিস্টি’জের নিলাম থেকে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন ১১ কোটি ৭০ লাখ ডলারে কিনে নেন। এখন অবধি এটিই গঘের সর্বোচ্চ দামে বিক্রীত চিত্রকর্ম।