ফরাসি চিত্রশিল্পী ক্লদ মনেঁর ‘আইরিস’ চিত্রকর্মটি ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার রাতে সদবি’জের নিলামে ছবিটি বিক্রি হয়েছে ৫ কোটি ইউরোতে, যা প্রায় ৫ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলারের সমান। মনেঁর জীবনের শেষ দিকের আঁকা চিত্রকর্মটি ঘিরে নিলামে চলে তীব্র প্রতিযোগিতা। ছয়জন ক্রেতা টানা ৪৫ মিনিট দর হাঁকানোর পর শেষ দুই প্রতিযোগীর মধ্যে আরো ২০ মিনিট চলে দরকষাকষি। শেষ পর্যন্ত এশিয়ার এক সংগ্রাহকের কাছে বিক্রি হয় ছবিটি।
শ্লুমবার্জার সংগ্রহের অংশ হিসেবে নিলামে তোলা হয়েছিল ‘আইরিস’। বিক্রির আগে ছবিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ইউরো। কিন্তু শেষ পর্যন্ত সে অনুমান ছাড়িয়ে দ্বিগুণের কাছাকাছি দামে বিক্রি হয় এটি।