ব্রিটিশ ভাস্কর বারবারা হেপওয়ার্থ। তাকে অন্যতম সেরা মডার্নিস্ট ভাস্করও বলা হয়। ক্রিস্টি’জ তাদের ‘মডার্ন ব্রিটিশ অ্যান্ড আইরিশ ইভনিং সেল’-এ তার একটি ভাস্কর্য নিয়ে আসছে। ভাস্কর্যটির নাম ‘স্কাল্পচার উইদ কালার (ইওস)’। ১৯৪৬ সালে ভাস্কর্যটি তিনি হপটন উডস্টোন দিয়ে তৈরি করেন। প্রায় দুই ফুট উচ্চতার এ ভাস্কর্য একটি নিচু ভিত্তির ওপর বসানো। ভাস্কর্যটিতে তিনটি ফাঁকা জায়গা রয়েছে। এগুলো ফিকে ধূসর, অফ হোয়াইট ও গাঢ় নীলে রঙ করা। ক্রিস্টি’জের বর্ণনা অনুসারে, রঙ তিনটি দিয়ে সমুদ্রের গভীরতা, বিস্তৃত আকাশ ও সীমাহীন মহাবিশ্বকে বোঝায়। এ ভাস্কর্যের পাশে বসা বারবারার একটি ছবি ‘আমেরিকান ভোগ’-এ প্রকাশ হয়েছিল ১৯ অক্টোবর, ১৯৪৯-এর সংখ্যায়। ছবিটি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার লি মিলার। তিনি ছিলেন বারবারার বন্ধু।