হুট করে বাসায় অতিথি এসে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চেয়ে বসলেন। কিন্তু বাড়ির ডিভাইসগুলোর পাসওয়ার্ড যেহেতু অনেক বছর ধরে সেট করা, তাই ওই মুহূর্তে এটি মনে নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে পড়তে হয় অনেককেই। পাসওয়ার্ড মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো কোথাও নোট করে রাখা, কিন্তু প্রয়োজনের সময় সেটাও হয়তো খুঁজে পাওয়া যায় না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, যেকোনো ওয়াই-ফাই সংযুক্ত ডিভাইস থেকে সহজেই ওফাই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। স্মার্টফোন কিংবা ল্যাপটপ থেকে যেভাবে খুঁজে পাওয়া যাবে পাসওয়ার্ড—
অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড ফোনের (গুগল পিক্সেল) সেটিংস থেকে নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশনে যেতে হবে। এরপর যে ওয়াই-ফাই নেটওয়ার্কে ফোনটি সংযুক্ত রয়েছে তার নামের পাশে গিয়ার আইকনটিতে ক্লিক করতে হবে। এটি একটি নতুন স্ক্রিনে নিয়ে যাবে, সেখানে শেয়ার অপশনে ট্যাপ করে নিজের পরিচয় দিতে হবে। এবার একটি কিউআর কোড দেখা যাবে, যা দিয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ডসহ লগইন ডিটেইলস শেয়ার করা যাবে।
তবে স্যামসাং গ্যালাক্সি ফোনের ক্ষেত্রে প্রক্রিয়াটি একটু ভিন্ন। সেটিংস>কানেকশন>ওয়াই-ফাইয়ে যেতে হবে। এবার যে ওয়াই-ফাই নেটওয়ার্কে ফোনটি সংযুক্ত রয়েছে, তার পাশে গিয়ার আইকনে ট্যাপ করতে হবে। এবার পাসওয়ার্ডের ওপর থাকা আই (i) আইকনে ট্যাপ করে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। এরপর পাসওয়ার্ডটি সোজা টেক্সট আকারে দেখা যাবে।
অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও একইভাবে ওয়াই-ফাই কনফিগারেশন পেজে যাওয়া যাবে।
আইওএস
আইফোনেও এ প্রক্রিয়া বেশ সহজ। প্রথমে সেটিংস অ্যাপে যেতে হবে। এরপর ওয়াই-ফাই অপশনে ক্লিক করে, যে নেটওয়ার্কে ডিভাইসটি সংযুক্ত, তার পাশে নীল বৃত্তাকার আই (i) আইকনে ট্যাপ করতে হবে। এবার ক্লিক করতে হবে পাসওয়ার্ড অপশনে। এ অবস্থায় ব্যবহারকারীকে তার আইফোন পাসকোড বা ফেসআইডি দিয়ে পরিচয় নিশ্চিত করতে বলা হবে। পিন নম্বর দিলে বা ফোনটি মুখের সামনে ধরে রাখলে পাসওয়ার্ডটি প্রদর্শিত হবে।
উইন্ডোজ
উইন্ডোজ ল্যাপটপ বা পিসি থেকে ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে সেটিংস> স্টার্ট মেনু> নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট> ওয়াই-ফাইয়ে যেতে হবে। এবার ডিভাইস যে নেটওয়ার্কে সংযুক্ত, তার নাম ওপরের দিকে দেখাবে। নামটিতে ক্লিক করলে ওয়াই-ফাই নেটওয়ার্কের প্রপার্টিজ সামনে আসবে।
এবার একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্পর্কিত অতিরিক্ত তথ্য যেমন প্রোফাইল টাইপ, ডিএনএস, আইপি সেটিংস ইত্যাদি দেখা যাবে। এখান থেকে ‘ভিউ সিকিউরিটি কি’ অপশনে ক্লিক করলে একটি নতুন ডায়ালগ বক্স খুলবে। এ বক্সে ওয়াই-ফাই পাসওয়ার্ড সরাসরি টেক্সটে প্রদর্শিত হবে।
ম্যাকওএস
ম্যাক ডিভাইসে সঞ্চিত ওয়াই-ফাই পাসওয়ার্ড জানার জন্য প্রথমে সিস্টেম সেটিংসে গিয়ে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে। এরপর স্ক্রল করে নোন নেটওয়ার্কস অপশনে ক্লিক করতে হবে। তিনটি ডট আইকনে ক্লিক করে কপি পাসওয়ার্ড অপশনটি নির্বাচন করতে হবে। পাসওয়ার্ড কপি হয়ে গেলে নোটস বা পেজেস অ্যাপে গিয়ে ‘Cmd+V’ প্রেস করে পাসওয়ার্ডটি সোজা টেক্সটে পেস্ট করতে হবে। এছাড়া অ্যাডভান্সড অপশন থেকে ডিভাইসে সংযুক্ত হওয়া সব ওয়াই-ফাই নেটওয়ার্কের তালিকা দেখা যাবে। সেখান থেকে কপি পাসওয়ার্ড অপশনটি পাওয়া যাবে।
এটি বলাই বাহুল্য যে যদি ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে থাকে, তবে এ পদক্ষেপগুলো তেমন সহায়ক হবে না। এক্ষেত্রে নতুন পাসওয়ার্ডটি জানার জন্য সে ব্যক্তির কাছে যেতে হতে পারে, যিনি এটি পরিবর্তন করেছেন।