বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে নতুন একটি ফিচার আসতে যাচ্ছে। এর মাধ্যমে একটি ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য তা দ্রুত জানা যাবে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিপস্টার (নির্দিষ্ট বিষয়ে তথ্য, পূর্বাভাস বা পরামর্শ দেন যিনি) লিওপেভা৬৪ বলেছে, ক্রোমের জন্য ‘স্টোর রিভিউস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। এর মাধ্যমে একজন ব্যবহারকারী ট্রাস্ট পাইলট, স্ক্যাম অ্যাডভাইজারসহ আরো অনেক স্বতন্ত্র ওয়েবসাইটের রিভিউগুলোর সারসংক্ষেপ জানতে পারবেন, যা ওয়েবসাইটের বিশ্বস্ততা সম্পর্কে ধারণা দেবে।
লিওপেভা৬৪ একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্রাউজারের অ্যাড্রেস বারে ইউআরএলের পাশে ‘সাইট সেটিংস’ বাটন থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। স্টোর রিভিউস অপশনে ক্লিক করলে এআই স্বতন্ত্র ওয়েবসাইটের রিভিউগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করবে। তবে ফিচারটির এখনো কাজ চলছে।
অজানা বা নতুন কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় এর বিশ্বাসযোগ্যতা দ্রুত পরীক্ষা করতে গুগল ক্রোমের নতুন ফিচার বেশ কাজের হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ আলাদাভাবে একাধিক ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কোনো রিভিউ পর্যালোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এ ফিচারের মাধ্যমে এক ক্লিকেই একাধিক রিভিউর সারসংক্ষেপ পাওয়া যাবে।
কোনো ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করার সুবিধা ছাড়াও এআই-চালিত সুরক্ষার মতো একগুচ্ছ নতুন এআই ফিচারও আনছে গুগল। এআই-চালিত সুরক্ষা সম্ভাব্য বিপজ্জনক ওয়েবসাইট ও ডাউনলোড করা ফাইলের বিরুদ্ধে রিয়েল-টাইম সুরক্ষা সরবরাহ করে।
ক্রোমের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও দেশটির কয়েকটি রাজ্য গুগলের অন্যায় একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে রায়ের ছয় মাসের মধ্যে গুগলকে ক্রোম বিক্রি করতে হতে পারে।