মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটির সঙ্গে নতুন কিউআর কোড সংযোগ সুবিধা চালু করতে যাচ্ছে। এ ফিচারের মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে সহজেই তথ্য পাওয়া যাবে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, সম্প্রচারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী হবে।
প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার চ্যানেলের জন্য কিউআর কোড ফিচার চালু করছে। লিংক শেয়ারের ঝামেলা ছাড়াই এখন কেবল একটি স্ক্যানের মাধ্যমে দ্রুত চ্যানেলে যোগদান করা যাবে। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে রয়েছে ও কিছু নির্বাচিত ব্যবহারকারী সুবিধাটি নিতে পারছে। হোয়াটসঅ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা ভার্সনে কিউআর কোড ফিচারটি দেখা গেছে।
এ ফিচারের মাধ্যমে প্রতিটি চ্যানেলের জন্য আলাদা একটি ইউনিক কিউআর কোড থাকবে। ব্যবহারকারীরা এ কোড স্ক্যান করলেই সরাসরি চ্যানেলে যুক্ত হতে পারবে। চ্যানেলের মালিক তাদের কোডটি যেকোনো সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা অন্য প্লাটফর্মে শেয়ার করতে পারবে। এতে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ফোন নম্বর বা ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন হবে না।
হোয়াটসঅ্যাপ বলছে, ইউনিক কিউআর কোডের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করায় নিরাপত্তা আরো উন্নত হবে। শুধু অনুমোদিত ব্যবহারকারীরাই চ্যানেলে যুক্ত হতে পারবে। ফলে কনটেন্ট ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
কিউআর কোড ব্যবহার করে সহজেই চ্যানেলগুলো তাদের লাখো অনুসারীর কাছে পৌঁছতে পারবে। এটি বিশেষত ব্যবসায়িক চ্যানেলগুলোর জন্য কার্যকরী, কারণ তারা তাদের পণ্য বা সেবার প্রচারণার জন্য এ কোডটি শেয়ার করতে পারবে। নতুন ফিচারটি চ্যানেলের প্রচারণা ও নতুন ব্যবহারকারী আকর্ষণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কোম্পানিটি।