সাপ্তাহিক পুঁজিবাজার

বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

এ সময় ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ১ শতাংশ বেড়েছে।

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এ সময় ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তা‌হে সূচক আগের সপ্তাহের চেয়ে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১০১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১০৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত ছিল ২৯টির। আর লেনদেন হয়নি ২৫টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, এলএইচবি, ওরিয়ন ইনফিউশন ও এমটিবির শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৫ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১৩ দশমিক ১ শতাংশ। মিউচুয়াল ফান্ড খাত ৮ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৬ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে। এছাড়া কাগজ খাতে ৪ দশমিক ২ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৮ শতাংশ, জীবন বীমা খা‌তে ৩ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দশমিক ৬ শতাংশ।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১ দশমিক ১৯ শতাংশ কমে ১৪ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৭৩৬ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪০ শতাংশ কমে ৯ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ২২ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৯১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ারদর।

আরও