বছরের প্রথম দিনে সূচকে উত্থান

দেশের পুঁজিবাজারে বছরের প্রথম দিনে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে বছরের প্রথম দিনে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৯৩ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও সামান্য বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৮৬৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৫৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন দশমিক ৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৩৬৮ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ৬৬টির আর দর অপরিবর্তিত ছিল ৬২টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৪ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। ওষুধ ও রসায়ন খাত ১৩ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ।

গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ১, ব্যাংক খাতে ২ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল টেলিযোগাযোগ খাতের শেয়ারে দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৪৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৮১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে ৪ কোটি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ কোটি ২৭ লাখ টাকা।

আরও