তিন বছর পর আবার ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দিয়েছে বিটিআরসি

ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ অনুমোদনের ফলে আইআইজি, এনআইএক্স, মোবাইল অপারেটর ও

ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ অনুমোদনের ফলে আইআইজি, এনআইএক্স, মোবাইল অপারেটর ও ন্যাশনওয়াইড আইএসপি অপারেটর প্রান্তে ক্যাশ সার্ভার স্থাপন করা যাবে। গতকাল বিটিআরসির এক নির্দেশনায় ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দেয়ার কথা জানানো হয়।

এর আগে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি এক নির্দেশনায় ক্যাশ সার্ভার স্থাপনে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। তখন জাতীয় নিরাপত্তার স্বার্থের অজুহাতে এই সার্ভার বন্ধ করে দেয়া হয়। মিথ্যা তথ্য বা গুজব যেন দ্রুত সারা দেশে ছড়িয়ে না পড়ে এবং সেটা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা যায় এজন্য এসব ক্যাশ সার্ভার সরিয়ে ফেলা হয়। গুগল ও ফেসবুককে শৃঙ্খলার মধ্যে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ৫ নভেম্বর ‘মোবাইল ইন্টারনেট সেবায় ডাউনলোডে সামান্য গতি বাড়লেও আপলোডে কমেছে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। প্রতিবেদনে বলা হয়, ‘জুলাই-আগস্টে দীর্ঘ সময় দেশের ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া, ক্যাশ সার্ভার বন্ধ থাকা, মোবাইল ইন্টারনেট সেবা প্রদানকারী অপারেটরদের নতুন বিনিয়োগ না আসাসহ বেশকিছু কারণে মোবাইল ইন্টারনেট পরিষেবায় অগ্রগতি হচ্ছে না।’

বিটিআরসির নতুন নির্দেশনায় বলা হয়, আইআইজি, এনআইএক্স, মোবাইল অপারেটর, মোবাইল অপারেটর ও আইএসপি অপারেটরগুলো নিজ নিজ নেটওয়ার্কে ক্যাশ সার্ভার স্থাপন করতে পারবে। এর জন্য অপারেটরদের সাতটি নির্দেশনা অনুসরণের কথা বলা হয়।

প্রথম নির্দেশনা হলো, ক্যাশ সার্ভার প্রদানকারী ও সরবরাহকারী সংস্থার সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, ক্যাশ সার্ভারের সংখ্যা, ব্র্যান্ড, মডেল নম্বর ও ক্যাপাসিটি, স্থাপনের ঠিকানা (অক্ষাংশ ও দ্রাঘিমাংশসহ), সার্ভার প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মতি ও অনুমোদনসংক্রান্ত ই-মেইলের কাগজপত্র ও তথ্যাদি কমিশনকে অবহিত করতে হবে।

দ্বিতীয় নির্দেশনা, ক্যাশ সার্ভার সরবরাহকারী, আমদানিকারক প্রতিষ্ঠানকে কমিশন থেকে আমদানির অনাপত্তিপত্র গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যবহারকারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করতে হবে এবং মাসিক ভিত্তিতে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে হবে।

তৃতীয় নির্দেশনায় বলা হয়, ক্যাশ সার্ভার স্থাপনের পর অপারেটরদের কমিশনকে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ও এএসএনের তথ্য অবহিত করতে হবে এবং ডাটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) তথ্যাদি দাখিল করতে হবে।

এছাড়া ক্যাশ সার্ভার স্থানান্তর, প্রতিস্থাপন ও আপগ্রেডেশনের আগে কমিশনকে অবহিত করা, সার্ভারের মনিটরিং লিংক কমিশনকে সরবরাহের নির্দেশনাও দেয়া হয়।

আরও